দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক পরিবর্তন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিন – অ্যাডভোকেট শাহজাহান মিয়া
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের বি.টি রোড, রঙের গাঁও ও কাঠেরপুল এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন চাঁদপুর–৩ (সদর–হাইমচর) আসনের এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে তিনি ডাসাদী ও গাজীর হাটসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। প্রতিটি স্থানে স্থানীয় জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন লক্ষ্য করা গেছে।
উঠান বৈঠকে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “দাঁড়িপাল্লা ইনসাফ, ন্যায় এবং আমানতের প্রতীক। দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার করতে হলে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। আমরা ক্ষমতায় গেলে গরিব-দুঃখী মানুষের কল্যাণ, ঘুষমুক্ত সেবা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন ও এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব। স্বৈরাচার, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ চাঁদপুর গড়াই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “জনতার দোরগোড়ায় গিয়ে মানুষের মতামত শুনছি। হৃদয়ের পরিবর্তনের ডাক— সেটিই দাঁড়িপাল্লার শক্তি। এবার সময় এসেছে ইনসাফ প্রতিষ্ঠার।”
গণসংযোগ ও উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা শাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আরিফুর রহমান তালুকদার, সেক্রেটারি হাফেজ মাওলানা হোসাইন তালুকদার, সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আব্দুল হান্নান খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে স্থানীয় জনসাধারণ দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন জানান এবং নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার ঘোষণা দেন।



















