প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার : চাঁদপুর জেলা প্রশাসক
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে চাঁদপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অভিবাসী মেলার আয়োজন করা হয়।
সকাল ১০টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির নীরব সৈনিক। তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে বড় ভূমিকা রাখছে। প্রবাসীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, দক্ষতা ও ভাষাজ্ঞান বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব। প্রবাসী ও তাদের পরিবার যেন যেকোনো সংকটে দ্রুত সহায়তা পায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, সিসিডিএ চাঁদপুরের জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহসানসহ সংশ্লিষ্টরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত অভিবাসী মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৫টি স্টল স্থাপন করা হয়। পরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী ও তাদের পরিবারকে সম্মাননা, মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি এবং অভিবাসন প্রত্যাশীদের ঋণের চেক বিতরণ করা হয়।



















