ফরিদগঞ্জে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ৮ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ‘চিংড়ি’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মোট আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) রাতে পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির তিন যুগ্ম আহ্বায়ক—ডা. আবুল কালাম আজাদ, মঞ্জিল হোসেন ও ফারুক হোসেন এবং ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান পাটওয়ারী, মো. আহসান হাবিব ও মো. জাকির হোসেন শেখকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাঁচজন নেতা। যাচাই-বাছাই শেষে দলীয় মনোনয়ন দেওয়া হয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদকে।
তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. হান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। অভিযোগ রয়েছে, বহিষ্কৃত নেতারা ওই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সিদ্ধান্ত অমান্য করার কারণে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

















