চাঁদপুরে হামের প্রকোপ বেড়েছে, হাসপাতালে ভর্তি ২৮ শিশু; মৃত্যু ৩
চাঁদপুর জেলায় হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৮ শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আক্রান্ত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল-এ—২২ জন।
এছাড়া হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৩ জন এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আরও ৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
প্রতিদিনই জ্বর, সর্দি-কাশিসহ হামের উপসর্গ নিয়ে নতুন রোগী হাসপাতালে আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সরেজমিনে দেখা গেছে, চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড সংকট দেখা দিয়েছে। হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে অনেক শিশুকে ফ্লোরে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।
হাসপাতালে ভর্তি এক শিশুর মা লাকি জানান, তার সন্তানের শরীরে জ্বর, কাশি ও ফুসকুড়ি দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।
অন্যদিকে, প্রত্যয় ঘোষ নামে আরেক শিশু নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর পুনরায় হামে আক্রান্ত হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আজিজুর রহমান জানান, গত এক সপ্তাহে প্রায় ৫০টি শিশুর কেস দেখা হয়েছে। গুরুতর রোগীদের জন্য ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
তিনি বলেন, হামের প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে-উচ্চমাত্রার জ্বর, চোখ লাল হওয়া, কাশি, শরীরে লালচে, ফুসকুড়ি এসব উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। শিশুদের পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক যত্ন নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।



















