জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁদপুরে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় আক্কাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন আহমেদ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল হাসান। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসাদ্দেক হোসেন।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন কবির।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাশেম খানসহ বিভিন্ন উপজেলার শিক্ষক-শিক্ষিকা, প্রতিযোগী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, অঙ্ক দৌড়, উচ্চ লম্ফ ও দীর্ঘ লম্ফ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন কবির বলেন, উপজেলা পর্যায়ে বাছাইপর্বে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরাই জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তিনি জানান, জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
তিনি আরও বলেন, “সকাল থেকে বিকেল পর্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ জন্য জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।”










