চাঁদপুরে বোগদাদ বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বনবিভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফায়েলেন্নেছা মায়া বনবিভাগ রোড এলাকার পাটওয়ারী বাড়ির বাসিন্দা এবং মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী। তিনি চার কন্যা সন্তানের জননী।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তোফায়েলেন্নেছা মায়া সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।
নিহতের মেয়ে শাহীনা আক্তার জানান, তার মা প্রতিদিনের মতো সকালে হাঁটার জন্য বের হয়েছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার পরপরই যানটি দ্রুত স্থান ত্যাগ করে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবর আবেদন করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

