মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অভিভাবক প্রতিনিধিকে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি কবির হোসেন রনি এবং অভিভাবক প্রতিনিধি সদস্য মিজানুর রহমান পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বক্তব্যে বিদ্যালয়ের নবনিযুক্ত সভাপতি কবির হোসেন রনি এবং অভিভাবক প্রতিনিধি সদস্য মিজানুর রহমান পাটওয়ারী তাদের ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বিশেষভাবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তারা বলেন, এই দায়িত্ব তাদের জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বশীলতারও। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সদস্য আবুল বাশার পাটওয়ারী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সাবেক সহ-সভাপতি শরীফ হোসেন বৈদ্য, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিল্লাল পাটওয়ারী, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন পাটওয়ারী, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির গাজী, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সজিব পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
















