বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

শাহমাহমুদপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম গাজীর সার্বিক সহযোগিতায় কর্দিপাঁচগাঁও খানবাড়ি (মাস্তান বাড়ি) সড়ক থেকে ভাটেরগাঁও খায়ের মার্কেট পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী এবং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।

বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন। এরই অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় শাহমাহমুদপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করা হচ্ছে।

তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন।

কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, সাধারণ সম্পাদক কামাল মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী ও সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউপি সদস্য মোহাম্মদ সোহেল হোসেন সোহাগ, বিএনপি নেতা ইকবাল খান, মোবারক হোসেন গাজী, মানিক পাটওয়ারী, আক্তার হোসেন, কাজী রাসেল এবং সমাজসেবক আব্দুর রহিম ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরিফ তালুকদার, সাবেক সহসভাপতি সাজ্জাদুল হক সোহাগ, সাবেক সদস্যসচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহমাহমুদ সেলিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সজিব পাটওয়ারী, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় কাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রহিম।

ক্লিনের ফেলোশিপ পেলেন ফরিদগঞ্জের মহিউদ্দিন রাব্বানি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মহিউদ্দিন রাব্বানি। ছবি-সংগৃহীত

জ্বালানি খাত নিয়ে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে মিডিয়া ফেলোশিপ পেয়েছেন ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন রাব্বানি। গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনের জন্য তাকে এ ফেলোশিপে মনোনীত করেছে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা সংস্থাটি জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ ফেলোশিপ প্রদান করছে।

মহিউদ্দিন রাব্বানি চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই পত্রপত্রিকা পড়া ও লেখালেখির প্রতি আগ্রহ তার। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। বর্তমানে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পেশাগত জীবনে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করে আসছেন তিনি।

ফেলোশিপের জন্য মনোনীত তার প্রতিবেদনে বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

মহিউদ্দিন রাব্বানি দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য।

ফরিদগঞ্জে বিশেষ অভিযানে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে উপজেলায় মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ফরিদগঞ্জে নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন ওই গ্রামের হাজী বাড়ির দিনমজুর জিতুর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে শনিবার রাতেই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক প্রতিবেশী। তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা জিতু বলেন, ‘আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, রবিবার সকালে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।