চাঁদপুরে প্রবাসীর বাড়িতে চুরি, ৮ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে চুরি, ৮ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের খলিশাডুলী বনবিভাগ পাটোয়ারী বাড়ি সড়ক এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি তদন্ত দল।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেন প্রবাসীর স্ত্রী গৃহবধূ আসমা আক্তার।

অভিযোগে আসমা আক্তার জানান, মেয়ের চিকিৎসার জন্য পরিবারের সবাইকে নিয়ে তিনি ঢাকায় যান। এ সময় বাড়ির দেখভালের দায়িত্ব নান্নু পাটোয়ারী নামে এক কেয়ারটেকারের কাছে দিয়ে যান। প্রায় ছয় দিন পর বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজা ভাঙা।

তিনি অভিযোগ করেন, চোরেরা ঘরে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে। এ ছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করে আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আসমা আক্তার বলেন, কেয়ারটেকার নান্নু পাটোয়ারীকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছু জানেন না বলে জানান। চুরির ঘটনায় বিপুল আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

আসমার ভাই সাইফ বলেন, বাড়িতে শুধু তাঁর বোন, বোনের সন্তান ও মা থাকতেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে আশপাশের মাদকসেবীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

স্থানীয় নেতা ও চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম বলেন, একজন প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় তিনি উদ্বিগ্ন। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ এবং এলাকার মাদকসেবীদের বিষয়ে খোঁজ নিলে ঘটনার রহস্য উদঘাটন হতে পারে বলে তিনি মনে করেন। তিনি পুলিশের আন্তরিক তদন্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শনকারী চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল বলেন, থানায় লিখিত অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে ঘরের দরজা ভাঙা এবং চুরির ঘটনা ঘটার প্রমাণ পাওয়া গেছে। তবে বাড়ি বা এর আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় সন্দেহভাজন মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের বিষয়ে তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে। তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চবিতে চাঁদপুর শিক্ষার্থীদের ৫০০ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে চুরি, ৮ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে চুরি, ৮ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের ছোট ভাই মো. মহিউদ্দিন রিমন (৩০) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন রিমন ফরিদগঞ্জ সদর এলাকার মাওলানা শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে চুরি, ৮ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহশরীফ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার উদ্বোধনী ক্লাস ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহশরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজহের হোসেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা, মনোযোগ দিয়ে লেখাপড়া করা এবং নিজেদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হয়।