ফরিদগঞ্জে আগুনে পুড়ল চার বসতঘর, ক্ষতি ৪০ লাখ টাকা
চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে একই বাড়ির চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উভারামপুর গ্রামের দক্ষিণ পাটওয়ারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জুমার নামাজের সময় আগুন লাগায় এবং দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে অটোচালক চান মিয়া, সূর্য মিয়া, দিনমজুর মো. স্বপন ও হাবিবের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত অটোচালক চান মিয়া ও দিনমজুর মো. স্বপন জানান, তাঁরা জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে দেখেন, তাঁদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, জমানো টাকা ও প্রয়োজনীয় মালামাল কিছুই রক্ষা করতে পারেননি তাঁরা।
তাঁরা বলেন, পরিধানের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এক মুহূর্তের আগুনে তাঁদের সারা জীবনের সঞ্চয় ও স্বপ্ন শেষ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, দুপুরের আগুনে চারটি পরিবারের সবকিছু পুড়ে গেছে। পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। তাঁদের পুনর্বাসনে সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
সাইফুল ইসলাম আরও বলেন, গ্রামটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো কঠিন। এ ধরনের দুর্গম গ্রামীণ এলাকায় বিকল্প অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন। তিনি বলেন, একই বাড়ির চারটি অসচ্ছল পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্দশার মধ্যে রয়েছে।
আলমগীর হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজের মানবিক ব্যক্তিদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান।




















