ফরিদগঞ্জে ভাড়া বাসায় মাদক কারবার, ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে পৌর এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেনায়েতপুর (জিনের মসজিদ) বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩৮) ও তাঁর স্ত্রী ফাতেমা আক্তার প্রিয়া (২৫)। তাঁরা ফরিদগঞ্জ পৌর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহর নির্দেশনায় এসআই আতাউর রাব্বির নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধারসহ ওই দম্পতিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রায়পুর থেকে এসে ফরিদগঞ্জে বাসা ভাড়া নিয়ে গোপনে মাদক কারবার পরিচালনা করছিলেন তাঁরা।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।



















