মতলব দক্ষিণে বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন।
নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো বছরের সব গ্লানি ঝেড়ে ফেলে আনন্দ-উৎসবে মেতে ওঠে উপজেলার মানুষ। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় বৈশাখী মেলা, দেশীয় মাছ দিয়ে পান্তা ভাত এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয় বাংলা নববর্ষ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মতলব দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির এবং ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে গড়ে ওঠে এক অসাম্প্রদায়িক মিলনমেলা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ ও নানা ধরনের ভর্তা দিয়ে পান্তা ভাত পরিবেশন করা হয়। এছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অন্যদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।



















