হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সালাউদ্দিন, সম্পাদক শাহাবউদ্দিন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মো. সালাউদ্দিন আল ফারুক, সাধারণ সম্পাদক পদে মো. শাহাব উদ্দিন সাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে জিসান আহমেদ ছিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে রবিবার (৩০ আগস্ট) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, উপজেলা সমবায় কর্মকর্তা ও সদস্য সচিব মো. গোলামুর রহমান এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ও সদস্য মোশাররফ হোসেন।
সভাপতি পদে ঘোড়া প্রতীকে মো. সালাউদ্দিন আল ফারুক পেয়েছেন ১ হাজার ৪৮৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে মো. শাহাব উদ্দিন সাবু পেয়েছেন ৮৪৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাইক প্রতীকে জিসান আহমেদ ছিদ্দিকী পেয়েছেন ১ হাজার ১০৮ ভোট।
নির্বাচনে সম্পাদকীয় বিভিন্ন পদ, ৯টি ওয়ার্ডের কাউন্সিলরসহ মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি ওয়ার্ডের ভোটারদের ১৩ থেকে ১৪টি পদে ভোট দিতে হয়েছে।
অন্যান্য নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে মোমবাতি প্রতীকে ওমর ফারুক ৯১৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীকে বাহালুল আলম খোকন ১ হাজার ৯৫ ভোট, কোষাধ্যক্ষ পদে ডালিম প্রতীকে মহসিন মিয়াজী ১ হাজার ১৭ ভোট, দপ্তর সম্পাদক পদে কলম প্রতীকে হাবীব উল্লাহ ৭৩৯ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে সাজ্জাদুল ইসলাম সজীব ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া প্রচার সম্পাদক পদে টেলিভিশন প্রতীকে আরমান তালুকদার হৃদয় ১ হাজার ৫৪২ ভোট, শিল্প সম্পাদক পদে সিএনজি প্রতীকে হাফেজ মো. তানভীর হোসেন ১ হাজার ৪৩১ ভোট এবং বাণিজ্য সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে মো. আশরাফ আলী ১ হাজার ২৩৫ ভোট পেয়েছেন।
ওয়ার্ড কমিশনার পদে ২ নম্বর ওয়ার্ডে মোবাইল সেট প্রতীকে মো. শাহাদাত হোসেন (মিশু), ৩ নম্বরে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে মো. আমির হোসেন, ৪ নম্বরে মোরগ প্রতীকে আঃ রহিম, ৫ নম্বরে ডাব প্রতীকে মিজানুর রহমান, ৬ নম্বরে বৈদ্যুতিক বাল্ব প্রতীকে লিপন পোদ্দার, ৭ নম্বরে মোবাইল সেট প্রতীকে মো. আল আমিন এবং ৮ নম্বরে মোবাইল সেট প্রতীকে মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। ১ নম্বর ওয়ার্ডে তিনজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। পাশাপাশি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁদপুর জেলা পুলিশের বিশেষ দল মাঠে দায়িত্ব পালন করে।
সরেজমিনে দেখা যায়, নির্বাচন উপলক্ষে শনিবার বাজারের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে প্রার্থী ও সমর্থকদের ব্যানার-পোস্টার ও রঙিন সাজসজ্জা দেখা যায়। প্রার্থীরা সরব উপস্থিতিতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। মাঝে মাঝে কেন্দ্রের বাইরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও তা ছিল ক্ষণস্থায়ী।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রতিটি ব্যালটে ১৩ থেকে ১৪টি পদের হিসাব থাকায় ভোট গণনায় দীর্ঘ সময় লাগে। এ কারণে শনিবার ভোটগ্রহণ শেষ হলেও চূড়ান্ত ফলাফল রবিবার দুপুরে ঘোষণা করা হয়।















