মতলব দক্ষিণে বিএনপির আড়াই হাজার গাছের চারা রোপণ
চাঁদপুরের মতলব দক্ষিণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রায় আড়াই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন।
সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পতাকা উত্তোলন করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কাইফু, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক সাংবাদিক আমির খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর কৃষক দলের সভাপতি মাহবুব প্রধান, সাধারণ সম্পাদক হায়াত আলী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব মাসুদ পারভেজ পনির।
পতাকা উত্তোলন শেষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। উপজেলার ছয়টি ইউনিয়ন ও মতলব পৌরসভায় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে সড়কের পাশে প্রায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হয়।
মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন শেষে এনামুল হক বাদল বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা অত্যন্ত জরুরি। তিনি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা এবং জলাশয়ে মাছ চাষের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ ঘোষণা ও স্বাধীনতার ঘোষণা দেন। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন ও ত্যাগের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এনামুল হক বাদল বলেন, রোপণ করা প্রতিটি বৃক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে উৎসর্গ করা হয়েছে। এসব বৃক্ষের সদকায়ে জারিয়ার সওয়াব যেন তাঁদের কাছে পৌঁছায়, সে জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
বিএনপি নেতারা বলেন, প্রতিষ্ঠার ৪৮ বছরে দেশের বিভিন্ন সংকট ও স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভবিষ্যতেও জনগণের ভালোবাসা ধরে রেখে নতুন বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে বলে তারা আশা প্রকাশ করেন।















