হাইমচরে ৫ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার
হাইমচরে ৫ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুরের হাইমচরে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইব্রাহিম বেপারী ওরফে ইবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ইব্রাহিম একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা রয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, পিএসআই সৌরভ দাশের নেতৃত্বে এসআই শ্রী সমীর দাস, এএসআই আবু হানিফ, এএসআই হান্নান উদ্দিনসহ পুলিশের একটি দল উত্তর আলগী এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে রায়ের বাজারগামী তিন রাস্তার মোড়ে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে ইব্রাহিম বেপারী ওরফে ইবুকে তল্লাশি করা হয়।
দেহ তল্লাশির একপর্যায়ে তার পরিহিত লুঙ্গির সামনের গোছা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে হাইমচর থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার ইব্রাহিম বেপারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া (বেপারী বাড়ি) এলাকার নুর ইসলাম বেপারীর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় হাইমচর থানায় একটি মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নং-০৯, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৩৩।
এদিকে, ইব্রাহিম বেপারী এর আগে হাইমচর থানার এফআইআর নং-৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬ এবং জিআর নং-২২৬, তারিখ ৩১ আগস্ট ২০২৬-এর একটি মাদক মামলার পলাতক আসামি ছিলেন। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ইব্রাহিম বেপারীর বিরুদ্ধে মোট চারটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
হাইমচর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।



















